শেরপুর জেলার শ্রীবরদীতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (২ মে) উপজেলার পূর্ব কাজিরচর মন্ডল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি হাসপাতাল পরিচালিত ভিশন সেন্টার শ্রীবরদীর সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন বাদল, চিকিৎসক আবদুল্লাহ আল নোমান ও চিকিৎসক প্রিয়া।
আয়োজকরা জানান, ক্যাম্পে ২৭০ জন রোগীকে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া রোগীদের মধ্যে চশমা বিতরণ করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে ৩০ জন নারী ও ২৭ জন পুরুষ রোগীর ছানি শনাক্ত করা হয়েছে। তাঁদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি ৩৪৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা আশুবালি (৮৯) বলেন, “আমরা গরিব মানুষ, ডাক্তার দেখানো কষ্টকর। এখানে চোখ পরীক্ষা করে ডাক্তার বলেছেন ছানি হয়েছে। অপারেশনের ব্যবস্থা করলে অনেক উপকার হবে।”
আরেক সেবাগ্রহীতা বুলি বানু বলেন, “চোখে কম দেখতাম। এখানে পরীক্ষা করে চশমা দেওয়ার পর এখন অনেক পরিষ্কার দেখতে পারছি।”
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া বলেন, “গ্রামের অনেক মানুষ চোখের সমস্যায় ভুগছেন, অথচ চিকিৎসা নিচ্ছেন না। চোখের যত্নে অবহেলা করা উচিত নয়। অসহায় মানুষের চিকিৎসাসেবায় আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। ভিশন সেন্টারের সহযোগিতায় এত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পেরে আমরা কৃতজ্ঞ।”
এসময় ভিশন সেন্টার শেরপুরের সমন্বয়ক মানিক মিয়া ও নাঈম মিয়াসহ রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








