আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান শুধু বিশ্বকাপে খেলবেই না, তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ইরান বিশ্বকাপে নিশ্চিতভাবেই অংশ নেবে এবং তাদের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই আয়োজিত হবে।
সূচি অনুযায়ী, ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও এই বিশ্বকাপকে ঘিরে আলোচনায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন টুর্নামেন্টের পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ কয়েকজন ইরানি কর্মকর্তার প্রবেশে বাধা দেওয়ার ঘটনা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে।
এ বিষয়ে ফিফা জানিয়েছে, আয়োজক দেশগুলোর নিজস্ব সীমান্ত ও ভিসা নীতির ওপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই।
বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে ইরানের ম্যাচগুলো বাড়তি গুরুত্ব পাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের বাইরে অন্যতম বৃহৎ ইরানি সম্প্রদায় সেখানে বসবাস করে।








