নারীদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে গৃহস্থালির কাজে সুবিধা বাড়ানো হবে।
আজ সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলা এলাকায় উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান। সেখানে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও জানান, উলাশী খালে পানি প্রবাহ স্বাভাবিক হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। এতে স্থানীয় কৃষি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন এবং অল্প সময়ের মধ্যে যশোর বিমানবন্দরে পৌঁছান। এরপর শার্শায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি যশোর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর এটি যশোরে প্রথম সফর।








