ইসরাইল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি পূর্ণ সম্মানের সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র জানান, এই যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও ভূমিকার প্রশংসা করেছেন গুতেরেস। তিনি মনে করেন, এই সাময়িক বিরতি চলমান সংঘাতের তীব্রতা কমাতে সহায়ক হবে।
গুতেরেস বলেন, সব পক্ষকে এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে মানবিক আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই আহ্বান শুধু ইসরাইল ও লেবানন সরকারের জন্য নয়, বরং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
জাতিসংঘের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই ১০ দিনের যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে, যা ভবিষ্যতে স্থায়ী সমাধানের পথ খুলে দিতে পারে।








