জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। জোটের নেতারা জানিয়েছেন, সংবিধানে শুধু সংশোধনী নয়, বরং জনগণের প্রত্যাশা অনুযায়ী পূর্ণাঙ্গ সংস্কারই তাদের মূল দাবি।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীতে ১১ দলীয় ঐক্যজোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
এছাড়া আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ওই বৈঠকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হতে পারে।








