আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় সামাল দিতে ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
আজ শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই ঋণের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ১৩০ কোটি (১.৩ বিলিয়ন) ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে বাকি ৭০ কোটি ডলার পাওয়ার আশা করা হচ্ছে।
সরকার জুনের মধ্যেই বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে এ অর্থ সংগ্রহ করতে চায়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দাতা সংস্থাগুলোর সঙ্গে তুলনামূলক কম সুদে ঋণ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এডিবির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আইএমএফ থেকেও ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, এই ঋণ পাওয়া গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমবে।








