দেশজুড়ে চলমান বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি একটানা না হয়ে বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার ঈদুল ফিতরের দিন ঢাকা বিভাগসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মার্চ ও এপ্রিল মাস সাধারণত কালবৈশাখীর সময় হওয়ায় এ সময়ে বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতের প্রবণতা বেশি থাকে। ঈদের দিনও দেশের বিভিন্ন স্থানে এমন আবহাওয়া বিরাজ করতে পারে।
তবে তিনি আশ্বস্ত করে বলেন, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও জানান, সারা দেশে একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। বরং বিভিন্ন সময় ও স্থানে আলাদা আলাদাভাবে বৃষ্টিপাত হতে পারে।








