মোংলা-খুলনা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর সড়কের গুনাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে কয়রা থেকে মোংলার দিকে যাওয়া একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। বাকি আহতরাও একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ঘাঁটির সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্টরা কাজ করছেন।








