দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার পুনর্খননের বিশেষ কর্মসূচি আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুর এলাকায় সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে দেশের বাকি ৬৩ জেলায়ও একযোগে কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
সভায় মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে জনসম্পৃক্ত উন্নয়নকে এগিয়ে নিয়েছিলেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করে কর্মসূচিটি সফল করার আহ্বান জানান।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন খনন কার্যক্রম কম থাকায় সেচ সংকট ও জলাবদ্ধতা বেড়ে জনভোগান্তি তৈরি হয়েছে। তিনি জানান, কর্মসূচিটি কার্যকর ও দৃশ্যমান করতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৮০ দিনের এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে বলেও উল্লেখ করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।








