ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ অবস্থান জানান। সংবাদ সম্মেলনের বিষয় ছিল সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে কৌশলগত অগ্রাধিকার বিষয়ে টিআইবির সুপারিশ।
টিআইবির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, একজন ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত কাউকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। টিআইবি চায় সরকার এই নিয়োগ বাতিল করে যোগ্য, দক্ষ এবং বিতর্কমুক্ত কাউকে দায়িত্ব দিক।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দেশে নতুন সরকার এসেছে এবং তারা কিছু উদ্যোগ নিয়েছে। তবে এসব বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বলেও তিনি জানান।
সদ্য পদত্যাগ করা দুদক চেয়ারম্যান প্রসঙ্গেও প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদে দুদক গঠন ও কার্যাবলি নির্ধারণের বিষয় উল্লেখ আছে। তার মতে, সরকার নিরপেক্ষ ব্যক্তিকে দুদক চেয়ারম্যানসহ অন্যান্য পদে নিয়োগ দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং পরিচালক (গবেষণা) মো. বদিউজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।








