বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ বিষয়ে মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, ‘সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানই বিএনপির নেতৃত্ব দেবেন।’
জোট রাজনীতি ও আসন সমঝোতা প্রসঙ্গে স্থায়ী কমিটির এই সদস্য জানান, অংশীদার দলগুলোর সঙ্গে আলোচনা এখনো সম্পূর্ণ হয়নি এবং এসব বিষয়ে কাজ চলছে।
গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় সংলাপ অব্যাহত রাখার গুরুত্ব উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘আলোচনা ও মতবিনিময় গণতন্ত্রের অপরিহার্য অংশ।’ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, ‘বেগম খালেদা জিয়াই প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছেন। নির্বাচন বিলম্বিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা দ্রুত সমাধানের প্রয়োজন।’
তিনি জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনকে সামনে রেখে সকল প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হচ্ছে।








