নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে আরো ৫৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদীর জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক তথ্য নিশ্চিত করে বলেন, আজকের ভূমিকম্পের ঘটনায় ৫৫ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হচ্ছে।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ ছিল। তবে আগের একই মাত্রার ভূমিকম্পগুলোর চেয়ে আজকের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল।
শুক্রবার সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়।








