চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন।
শওকত আজম খাজা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পরামর্শে এরশাদ উল্লাহকে শুক্রবার দুপুরে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। উনি এখন শঙ্কামুক্ত আছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের সঙ্গে এরশাদ উল্লাহ কথা বলেছেন। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।’
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকীয়া পাড়ায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলাকে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।







