বর্তমান সময়ে বাংলাদেশের নারী ও পুরুষ উভয়ের গড় আয়ু বৈশ্বিক গড়ের চেয়ে বেশি। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ২০২৫ সালের জন্য প্রকাশিত ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি (এসডব্লিউওপি)’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে পৃথিবীজুড়ে পুরুষদের গড় আয়ু ৭১ বছর, সেখানে বাংলাদেশে তা ৭৪ বছর। একইভাবে, নারীদের বৈশ্বিক গড় আয়ু ৭৬ বছর হলেও বাংলাদেশে তা ৭৭ বছর।
সোমবার (৭ জুলাই) রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়ে আছে ১৭ কোটি ৫৭ লাখে; যার অর্ধেকই নারী। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১১ কোটি ৫০ লাখ মানুষ কর্মক্ষম (১৫-৬৪ বছর বয়সী)। দেশের মোট জনসংখ্যার ১৯ শতাংশ কিশোর-কিশোরী (যাদের সংখ্যা প্রায় তিন কোটি ৩০ লাখ), এবং ১০ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা প্রায় পাঁচ কোটি; যা মোট জনসংখ্যার ২৮ শতাংশ।
এই পরিস্থিতি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ সৃষ্টি করেছে, যাতে দেশটি তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে পারে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে সাত শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি; যা প্রায় এক কোটি ২০ লাখ। এই সংখ্যা বৃদ্ধির দিকে যাওয়া বাংলাদেশের বয়স্ক জনগণের সংখ্যা বেড়ে যাওয়ার ইঙ্গিত দেয়।








