ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নতুন প্রজ্ঞাপনটি ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে জারি করা হয়েছে।
এনবিআর জানায়, বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারীসহ সব স্থলবন্দর দিয়ে এখন থেকে সুতা আমদানির অনুমতি থাকবে না। তবে সমুদ্রপথ বা অন্য কোনও উপায়ে সুতা আমদানি চালু থাকবে।
এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর/কাস্টমস হাউজ ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় স্থানীয় বাজারে প্রবেশের ফলে দেশীয় টেক্সটাইল শিল্পের চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ হয়েছে। এ বিষয়ে বিটিএমএর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে।








