পহেলা বৈশাখের দিন ফিলিস্তিনের পতাকা ও গিটার নিয়ে সকল শিল্পীকে শোভাযাত্রায় আসার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাসহ দেশের শীর্ষ ব্যান্ড দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এবারের বৈশাখ উদযাপন হবে দুই দিনব্যাপী। এ বৈশাখ বিশ্ব শান্তির বার্তা বহন করবে।’
তিনি বলেন, ‘ঢাকা ও ঢাকার আশপাশের মিউজিশিয়ানদের বলছি, নিজেদের গিটার নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে আপনারা চলে আসুন। প্যালেস্টাইনের ফ্ল্যাগ উড়িয়ে আমরা দেশটির প্রতি সংহতি জানাব। নববর্ষে আমরা কেবল নিজেদের জন্য শুভকামনা করবো, এটা বড় স্বার্থপর বিষয় হয়ে যায়। প্যালেস্টাইনে গণহত্যার প্রতিবাদ জানাব বৈশাখের শোভাযাত্রায়। এটি আমাদের একটা কালচারাল স্টেটমেন্টও হবে।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির কনসার্ট অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায়। এই কনসার্টে দেশের ব্যান্ড দলগুলো অংশ নেবে।
সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে। এবার রঙ এবং থিমের পার্থক্য থাকবে পূর্বের শোভাযাত্রার থেকে। লোকগীতির একটি অংশ থাকবে। ছায়ানট, সুরের ধারা, বাম্বা আয়োজনে থাকবে।’
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিল্পীদের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেখানে সকল শিল্পীকে অংশগ্রহণের আহ্বান জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।
মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘নববর্ষের চারুকলার শোভাযাত্রায় বাঙালিসহ ২৮টি জনগোষ্ঠী যোগ দেবে। থাকছে ফিলিস্তিনিদের জন্যে বিশেষ উপস্থাপনা। মানিক মিয়ায় থাকবে কনসার্ট, সন্ধ্যায় চীনা দূতাবাসের সাহায্যে থাকবে ড্রোন শো। চৈত্র সংক্রান্তিতে, ১২টি জেলায় সাধুমেলা হচ্ছে, চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট হবে। শিল্পকলায় থাকছে বিশেষ অনুষ্ঠান।’








