আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। হরেক রকমের বাহারি ফুল ও পত্রপল্লবে প্রকৃতি আজ রঙিন। বসন্তের মাতাল হাওয়ায় প্রকৃতিতে নিজেদের অস্তিত্ব প্রকাশ করছে টকটকে লাল রাঙা পলাশ।
কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথায়- ‘বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায়, ফাল্গুনী মোর মন বনে’। আসলে বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্তে গাছে গাছে নতুন পাতা আসে। ডালে ডালে কোকিল। রঙিন ফুলে প্রকৃতি সুশোভিত হয়ে ওঠে। এই সময়ে বাতাসে ফুলের রেণু ছড়ায়। প্রকৃতি হয়ে উঠে অপরুপ।
অন্যদিকে আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দুই উৎসবকে ঘিরে জোড়া উৎসবের আমেজ।বসন্ত উৎসবটি বাঙালির সব বয়সির হলেও এতে তারুণ্যের প্রভাবই থাকে বেশি। এ দিনটিতে তরুণ-তরুণীরা বাসন্তী রঙের পোশাকে নিজেদের সজ্জিত করে। ফুল বিনিময় ও ব্যবহারের ধুম পড়ে যায়। তবে এ সময়ে এই ধরনের আয়োজন গ্রামাঞ্চলের পরিবর্তে শহরাঞ্চলেই বেশি পরিলক্ষিত হয়।
তাই, ফাল্গুনের প্রথম দিনে ভালোবাসার উচ্ছল আনন্দ চারদিকেই রঙ ছড়াবে আজ।








