গণঅভ্যুত্থানে ৪৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বিভিন্ন সময় তারা নিহত হন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতরা বাংলাদেশের নিরাপত্তাবাহিনীসমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ ছিল শিশু।
বাংলাদেশের সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি, গত বছরে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সাথে জড়িত ছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।








