আগামী ৩১ জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর ২% হারে জরিমানা গুণতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
রবিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আবদুর রহমান খান। বলেন, “অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। ৩৬৫ দিনই লোকজন তা দিতে পারবেন। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন, তাদের ট্যাক্স ক্যালকুলেশন এক রকম হবে। আর পরে যারা দেবেন তাদের অটোমেটিক্যালি অতিরিক্ত জরিমানা চলে আসবে। সেটা ধার্যকৃত ট্যাক্সের ওপর প্রতি মাসে ২%। ম্যাক্সিমাম সিলিং ২৪ মাস। আমরা ৪৮% এর বেশি কারও কাছ থেকে ইন্টারেস্ট নেব না।”
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, “এখন পর্যন্ত অনলাইন রিটার্ন জমা ১২ লাখ পড়েছে। আশা করছি, ৩১ জানুয়ারি পর্যন্ত এটার সংখ্যা ১৪ লাখের কাছাকাছি চলে যাবে। আমরা এখন কাস্টমসকে ব্যবহার করছি ট্রেড ফ্যাসিলিটেশনের যন্ত্র হিসেবে। একটা সময় ছিল, যখন বাংলাদেশের রাজস্বের প্রধান উৎস ছিল কাস্টমস। তখন আয়কর দেওয়ার মতো জনশক্তি ছিল। কোনো ভ্যাট ছিল না। তখন কেবল কাস্টমস থেকে রাজস্ব পেতাম।”
ই-রির্টান দাখিলের গুরুত্ব তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, “কাস্টমসে ট্যাক্স আরোপ করি, মূল উদ্দেশ্য রাজস্ব আহরণ নয়। আমার স্থানীয় ইন্ডাস্ট্রিগুলোকে গ্রো করতে চাই। বাইরের কম্পিটিটরকে নেগোশিয়েট না করলে লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না। আমাদের দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য অনেক কিছু আমদানি রোধ করতে হয়। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাস্টমসকে প্রয়োজনীয়তা রয়েছে।








