পিলখানা হত্যাকান্ডের ঘটনায় সাড়ে ১৬ বছর পর মুক্তি পেয়েছেন কারাগারে বন্দি তৎকালীন বিডিআরের ১৬৮ জওয়ান। এর মধ্যে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান ১২৬ জন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার পর কাশিমপুর কারাগার থেকে তারা একে একে বের হতে থাকেন। এ সময় কারা ফটকে স্বজনদের ভিড় করতে দেখা যায়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার জানান, আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দেয়া হয় ।
তিনি বলেন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পেয়েছেন।
এর আগে ১২ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। এরপর মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।








