মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২১ জন।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে শ্রীনগরে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় ঢাকামুখি লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এই সময় আহত হয় আরও পাঁচ জন।
অন্যদিকে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় কভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছে আরও ১৬ জন।
পুলিশ জানায়, ঘন কুয়াশায় দেখতে না পেয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি মিনি বাস। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- আব্দুল্লাহ পরিবহনের হেলপার জীবন (৪৪) ও বাসযাত্রী রায়হান (২৭)।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।







