কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে–কমিশন গঠন, বেতনবৈষম্য দূর করাসহ ৯ দফা দাবি আদায়ে ঘোষিত আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশ প্রত্যাহার করেছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’।
আজ রোববার সকালে সচিবালয়ে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’ নেতাদের সঙ্গে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং এপিডির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তারা।
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, সচিবালয়ে দুই হাজারের উপরে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারি আছেন। দীর্ঘদিন তারা বেতন এবং পদোন্নতি বঞ্চিত ছিলেন। তাদের নয় দফা দাবি কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব, তবে সময়সাপেক্ষ।
ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে। আইনী কিছু জটিলতা রয়েছে যা নিয়ে প্রধান উপদেষ্টা সঙ্গেও আলোচনা করতে হবে।








