তথ্য সংগ্রহ করতে গিয়ে জেলা শেরপুরের সদর হাসপাতালে হেনস্তার শিকার হয়েছেন সময় টিভির শেরপুর স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হীরা ও ফটোগ্রাফার বাবু চক্রবর্তী।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে ঔষধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।
সাংবাদিক শহিদুল ইসলাম হীরা জানান– “একটি খবরের তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যাই। যাওয়ার আগে অভিযোগের ব্যাপারে সিভিল সার্জনকে অবহিত করা হয়। বাইরের কাজ শেষ করে তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশের পর তথ্য চাইলে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তিনি সকল কর্মকর্তা কর্মচারীদের ডেকে দরজা বন্ধ করার নির্দেশ দেন। এসময় আমাদের হেনস্তা করা হয়।”
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন– “এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারবো না। বিষয়টি ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন– “আমি ঘটনাটি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”








