রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার (২২ অক্টোবর) গণজমায়েত কর্মসূচি করবে। ঢাকায় বেলা সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। খুলনার কর্মসূচি পালন হবে নগরীর শিববাড়ি মোড়ে।
এর আগে,রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহী, কিশোরগঞ্জ, ঢাবি ও জাবিতে গতকাল সোমবার (২১ অক্টোবর) বিক্ষোভ মিছিল হয়েছে। রাজশাহী ও কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মিছিল বের করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণ–অভ্যুত্থান রক্ষা আন্দোলনের’ ব্যানারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মশালমিছিল করা হয়
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশালমিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানান।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্রলীগের ঠিকানা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘এক হয়েছে সারা দেশ, ছাত্রলীগের দিন শেষ’, ছাত্রলীগকে নিষিদ্ধ, করতে হবে’, ‘এক দুই তিন চার, ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়’, ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুজিববাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেছেন, যারা স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য নানা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেই আজকের এই মশাল মিছিল। জুলাই-আগস্ট গণহত্যায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল সেসব ছাত্রলীগ-যুবলীগ কিংবা আওয়ামী লীগের অঙ্গসংগঠন যেগুলো রয়েছে তারা যেনো কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে সেই দাবি তারা জানান।








