বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কাঁঠালবাগান ঢালে গুলিতে আহত নয়ন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৪৮ দিন ভর্তি থাকার পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ২৫ বছরের নয়ন মোটরসাইকেল গ্যারাজে কাজ করতেন। গত ৪ আগস্ট আন্দোলন চলাকালীন দুপুর আড়াইটার দিকে কাঁঠালবাগান ঢালে পুলিশের গুলিতে আহত হন তিনি।
নয়নের শ্বশুর এরশাদ আলী বলেন, ‘আমার জামাই কলাবাগানের কাঁঠালবাগান ঢাল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। ওই এলাকায় ৪ আগস্ট দুপুরের দিকে পুলিশের গুলিতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভর্তি করা হয়। ৪৮ দিন ভর্তি থাকার পরে আজকে আমার জামাই মারা যান।’
তিনি জানান, নয়নের গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী থানার দক্ষিণ গোব্দা এলাকায়। বাবার নাম লোকমান হোসেন। কাঁঠালবাগান এলাকায় থাকতেন তিনি। তার একটি কন্যা সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।








