আশুলিয়ায় আবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছেন একজন নারী পোশাককর্মী। আহত হয়েছে আরও ২০ থেকে ২৫ জন।
মঙ্গলবার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত নারী শ্রমিকের নাম মোছা. রোকেয়া বেগম। তিনি মাস্কট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শিল্প পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বন্ধ কারখানার ফটকে অবস্থান নেন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স কারখানায় হামলা করেন। এরপর ওইসব কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ লেগে যায়।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার বলেছেন, সকাল পৌনে দশটার দিকে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে একজন শ্রমিক মারা যান। নিহতের লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। এ ছাড়া দুইজন আহত শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। এর বাইরেও আহত আছে।
গত প্রায় তিন সপ্তাহ ধরে পোশাক কারখানা অধ্যুষিত সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিক অসন্তোষ চলছে। এর জেরে অনেক কারখানা বন্ধ রাখা হয়।
কয়েকটি কারখানা বন্ধ থাকলেও সরকারের নানা উদ্যোগ ও তৎপরতায় গত রোববার থেকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এরি মধ্যে আবার শ্রমিক অসন্তোষের খবর এলো।
এদিকে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা।








