বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ৬ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে নাটোর শহরে ৪ শহীদের বাসায় গিয়ে তাদের হাতে সহায়তা তুলে দেন জামায়াতের জেলা আমির ডঃ মীর নূরুল ইসলাম। আন্দোলনে নিহত শরিফুল ইসলাম মোহন, ইয়াসিন আলী, মেহেদি হাসান রবিন ও শাওন খান পরিবারের হাতে এই সহায়তা তুলে দেয়া হয়।
এরপর জামায়াতের নেতৃবৃন্দ সাভারে নিহত নাটোরের সিংড়ার সাঐল হাজীপাড়ার রমজান আলী ও শোয়াইর বাজারে সোহেল রানা’র পরিবারকে নগদ সহায়তা প্রদান করেন।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার সাঐল হাজীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রমজান আলী (৩০)। তিনি মাছের আড়তে কাজ করতেন। একই দিন পুলিশের গুলিতে নিহত হন উপজেলার শোয়াইর গ্রামের মোত্তালেব হোসেনের ছেলের সোহেল রানা (২৮), তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। পরে নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করেন।








