ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। স্পিকারের আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যসূচি ও সময়সূচি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে সংসদের অধিবেশন বসবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে এই অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।
প্রয়োজনে অধিবেশনের সময়সূচি বা কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উদ্দেশে ৮টি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীদের উদ্দেশে ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাব জমা হয়েছে।
বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাচিবিক সহায়তা প্রদান করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।








