এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে হত্যায় মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আর তাই তার তথ্য দিতে পুরস্কার ঘোষণা করেছে দেশটি। একই সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের তথ্যের জন্যও পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পুরস্কার ঘোষণা করা হয়। এতে মোজতবা খামেনিসহ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যের জন্য ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস একটি ব্যানার প্রকাশ করেছে। এতে মোজতবা খামেনি, তার প্রয়াত বাবার ডেপুটি চিফ অব স্টাফ আলি আসগর হেজাজি ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তালিকায় থাকা অন্যদের মধ্যে আছেন সর্বোচ্চ নেতার সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবর নামও।
এছাড়া ব্যানারে নাম উল্লেখ না করে আরও চারটি পদের কথা বলা হয়েছে- সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা।






