ইরানে আজ রাতে সর্বোচ্চ সংখ্যক হামলা চালানোর হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ হুমকি দেন। তিনি বলেন, আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকা সর্বোচ্চ সংখ্যক হামলা চালাবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা একটি বড় অর্জন। তিনি জানান, তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, যখন ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছিলেন, তখন তার প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আজই ইরানে সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হওয়ার হুমকি দিয়েছেন।
এদিকে, ইরানে অপারেশন ‘এপিক ফিউরি’ নামক হামলার অংশ হিসেবে ইতোমধ্যে ছয় হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলার মধ্যে ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী, ইরানে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরাইলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে।
শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচার হয়েছে এবং কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।






