রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
আজ শুক্রবার ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর আগে, সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল এবং রিপোর্টে অবস্থার অবনতি দেখা গেলে, দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। অপারেশনে পরিবারের সদস্যদের সম্মতি নেওয়া হয়।
ডা. রফিক বলেন, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা ছিলেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরাও ছিলেন।
শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত অবহিত করা হয়। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী দোয়া চেয়েছেন বলে জানান ডা. রফিকুল ইসলাম।
এর আগে, গত বুধবার ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।







