ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ গণমাধ্যম।
সাম্প্রতিক হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন, তবে আগে যেসব খবরে তার মৃত্যুর কথা বলা হয়েছিল, সেগুলো ভুল ব্যাখ্যা থেকে ছড়িয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তেহরানে হামলার পর তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। শুরুতে কয়েকটি মাধ্যমে মৃত্যুর খবর এলেও পরে সংশ্লিষ্ট সূত্র বলছে, তিনি বেঁচে আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার পর তিনি কোমায় চলে যান বা মারা গেছেন। পরে নতুন করে তথ্য সামনে আসার পর ইরানি গণমাধ্যমে সেই অবস্থান সংশোধন করা হয়।
নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম প্রকাশ্য বার্তায় তার মায়ের বিষয়ে কোনো উল্লেখ না থাকায় এ নিয়ে আবারও জল্পনা তৈরি হয়। পরে ইরানি সংবাদমাধ্যমে বলা হয়, আগের মৃত্যুর খবর সঠিক ছিল না।
মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ দীর্ঘদিন ধরেই প্রকাশ্য রাজনৈতিক অঙ্গনের বাইরে ছিলেন। আলী খামেনির সঙ্গে তার দাম্পত্য জীবন শুরু হয় ষাটের দশকে, এবং বিভিন্ন কঠিন রাজনৈতিক সময়েও তিনি পরিবারের পাশে ছিলেন বলে বহু প্রতিবেদনে উল্লেখ আছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম






