তুরস্কের উত্তরাঞ্চলীয় তোকাত প্রদেশে আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৬ দশমিক ৩৭ কিলোমিটার গভীরে। কম্পনের কেন্দ্র ছিল তোকাত প্রদেশে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভবন কিংবা অবকাঠামোর ক্ষতির বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে তুরস্কে এর আগেও একাধিক শক্তিশালী কম্পন আঘাত হেনেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প নিয়মিত অনুভূত হচ্ছে।
এএফএডির বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম







