ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তারা স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। পরে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের এই শ্রদ্ধা নিবেদনকে আনুষ্ঠানিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।







