জুলাই গণঅভ্যুত্থানের গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ এবার আমন্ত্রণ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ বলেন, সংসদের অধিবেশনে যোগ দেয়ার আমন্ত্রণ পাওয়া তার জীবনের বড় অর্জন। আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি আজ জাতীয় সংসদ ভবনে গিয়েছেন, তবে পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে তা জানতে পারেননি। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।
২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ১৭ বছর বয়সী গোলাম নাফিজ ফার্মগেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে একটি রিকশার পাদানিতে তুলে দেয়। তখনও নাফিজ রিকশার রড শক্ত করে ধরে ছিলেন।
রিকশাচালক নূর মোহাম্মদ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ফার্মগেটের একটি হাসপাতালে ঢোকার সময় আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন। পরে তিনি নাফিজকে খামারবাড়ির দিকে রওনা হন।
দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ ওই সময় রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কিছু ছবি ধারণ করেন। ৪ আগস্ট রাতের ওই ছবি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে থাকা মুঠোফোন নম্বর দেখে নাফিজের পরিবার নূর মোহাম্মদের সন্ধান পান।
পরে নূর মোহাম্মদ জানান, তিনি ওই দিন ফার্মগেট এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় সংঘর্ষে পড়ে যান। এক পুলিশ সদস্য ডাকলে অন্যরা আহত ব্যক্তিকে তার রিকশায় তুলে দেন। হাসপাতালে নেয়ার পথে বাধা পেয়ে খামারবাড়িতে পৌঁছে নাফিজকে একটি অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের রিকশাটি হস্তান্তর করা হয়। এক ব্যবসায়ী তখন ৩৫ হাজার টাকায় রিকশাটি কিনেছিলেন।








