ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক হাইকোর্টে আবেদন করে ওই আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করেছেন। আবেদনে তিনি বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের বিজয় এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন।
আজ বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এর আগেও বিভিন্ন আসনের একাধিক প্রার্থী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ নির্বাচনী কাজে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। একই বেঞ্চে এসব আবেদন শুনানি হচ্ছে।
হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিধান অনুসারে নির্বাচনী আবেদন গ্রহণ ও শুনানির এখতিয়ার এই বেঞ্চকে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনী অনিয়ম, ফলাফল নিয়ে আপত্তি কিংবা ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রার্থীরা এই ট্রাইব্যুনালধর্মী শুনানির মাধ্যমে আইনি প্রতিকার চাইতে পারছেন।
ঢাকা-১৩ আসনে নির্বাচনের প্রাথমিক ও প্রকাশিত ফল অনুযায়ী ববি হাজ্জাজ এগিয়ে থেকে জয়ী হন। তবে ফল ঘোষণার পর থেকেই মামুনুল হক ভোটের অনিয়ম নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। এবার সেই আপত্তিই আদালতের আনুষ্ঠানিক আবেদনে গড়াল।








