গণভোটের রায়কে সম্মান জানাতে হলে রাজনৈতিক দলগুলোকে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্ন এলে তা সংসদে আলোচনা করেই করতে হবে। সংবিধান সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্তও সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত হবে। প্রয়োজন হলে নতুন করে শপথের বিষয়টিও নির্ধারিত সাংবিধানিক কাঠামো মেনে সম্পন্ন হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। যেসব দল নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নিজেদের পরাজয়ের কথা বলছে, তাদের সরকার গঠনের আশা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্বাচন শেষে সমালোচক অবস্থানে থাকা কয়েকটি দলও ওই সনদে স্বাক্ষর করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবিধান অনুসারেই রাষ্ট্র পরিচালনা করছে। গণভোটের রায় কার্যকর করতে হলে সংসদে বিস্তারিত আলোচনা প্রয়োজন। বিএনপি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে এবং উপরাষ্ট্রপতির পদসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, সংসদে এসে আলোচনায় অংশ নিলেই গণভোট-পরবর্তী সিদ্ধান্তের পথ স্পষ্ট হবে। যে বিষয়গুলোতে রাজনৈতিক ঐকমত্য হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আর সংবিধান সংশোধনের বিষয়টি হবে সব পক্ষের মতামতের ভিত্তিতে।







