উচ্চরক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বর্তমান সময়ে এক নীরব ঘাতক। তবে জীবনযাত্রায় পরিবর্তন এবং সঠিক নিয়মে রোজা রাখার মাধ্যমে ওষুধ ছাড়াই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানাচ্ছে আধুনিক বিজ্ঞান। চিকিৎসকদের মতে, বছরে এক মাস রোজা রাখা আপনার হৃদযন্ত্রের জন্য হতে পারে সেরা উপহার।
রোজার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে মানবশরীরের ‘সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম’-এর কার্যকারিতা কিছুটা শিথিল হয়। এর ফলে রক্তনালীগুলো বিশ্রাম পায় এবং প্রসারিত হওয়ার সুযোগ পায়। মজার বিষয় হলো, রোজা রাখলে শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের হয়ে যায়, যা সরাসরি রক্তচাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।
বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘ সময় অভুক্ত থাকলে শরীরে ইনসুলিনের মাত্রা কমে আসে। আর ইনসুলিন কমলে কিডনি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে পারে। ফলে হৃদপিণ্ডকে আগের মতো কঠোর পরিশ্রম করতে হয় না এবং রক্তচাপ স্বাভাবিক থাকে। এছাড়া রোজা শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে, যা উচ্চরক্তচাপের ঝুঁকি কমানোর অন্যতম প্রধান শর্ত।
তবে রোজার সুফল পেতে ইফতার ও সেহরির খাবারে সচেতন হওয়া জরুরি। রক্তচাপ স্বাভাবিক রাখতে ইফতারে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন—কলা বা খেজুর রাখা উচিত।







