মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম সালেখ উদ্দিন, তিনি আহমদ আলী নামেও পরিচিত। বয়স ৪৮ বছর। পরিবারের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি প্রাণ হারিয়েছেন।
রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে দেশে থাকা স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সালেখ উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা। তিনি মৃত সবর আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সালেখ উদ্দিন দীর্ঘদিন ধরে আমিরাতের আজমান শহরে থাকতেন এবং সেখানে পানির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের ভাষ্য অনুযায়ী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তিনি কাজের সময় গাড়ি চালাচ্ছিলেন। ওই সময় চলমান সংঘাতের প্রেক্ষাপটে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান এলাকায় আঘাত হানে। এতে সালেখসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখ উদ্দিনকে মৃত ঘোষণা করেন বলে পরিবারের দাবি। নিহতের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।







