আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন প্রজন্মের সাত শিল্পীর কণ্ঠে প্রকাশ পেয়েছে একুশের বিশেষ গান ‘বাংলা আমার মায়ের ভাষা’। ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার প্রতি ভালোবাসা তুলে ধরতে নির্মিত গানটি সম্প্রতি প্রকাশ করেছে ‘সবুজ মিউজিক স্টেশন’।
গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস, তানজিনা করিম স্বরলিপি, নোশিন তাবাস্সুম স্মরণ, রাইসা খান, শবনম প্রিয়াঙ্কা, জোহরা হোসেন জেমি ও সবুজ জামান। গানটির কথা ও সুর করেছেন সবুজ জামান, আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গানটি প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, এটি একটি সুন্দর দলীয় সংগীত, যা মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশের একটি প্রয়াস। তানজিনা করিম স্বরলিপির ভাষায়, একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এই গানে অংশ নিয়েছেন।
নোশিন তাবাস্সুম স্মরণ জানান, ভাষার জন্য আত্মত্যাগ করা শহীদদের স্মরণ করেই গানটি গাওয়া হয়েছে। অন্যদিকে রাইসা খান বলেন, বাংলা ভাষা ও ভাষা দিবস নিয়ে নতুন গান তুলনামূলক কম তৈরি হয়; তাই এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।
শবনম প্রিয়াঙ্কা গানটিকে একটি ভালো কাজের অংশ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের দেশাত্মবোধক গানে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জোহরা হোসেন জেমির মতে, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক—সেই অনুভূতিই ফুটে উঠেছে গানে।
গীতিকার ও সুরকার সবুজ জামান বলেন, ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই গানটি নির্মাণ করা হয়েছে। তার আশা, একুশের আবেগকে ধারণ করে গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
অমর একুশে ফেব্রুয়ারির চেতনাকে সামনে রেখে নির্মিত এই গান নতুন প্রজন্মের শিল্পীদের সম্মিলিত প্রয়াসে ভাষা আন্দোলনের স্মৃতিকে নতুনভাবে তুলে ধরেছে। সংগীত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে মাতৃভাষা ও দেশপ্রেমের অনুভূতি আরও জাগ্রত করতে ভূমিকা রাখবে।







