খুলনায় এনসিপি জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়িতে চাঁদা দাবি করতে গেলে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কয়েক দিন আগে কয়রা থেকে আসেন। সোমবার দুপুরে তিনজন ওই বাড়িতে গিয়ে একজন নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বলেন, সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে করে আছেন। এ সময় তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরে কৌশলে শাহনাজ পারভীন সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় আনে। আটক তিনজনের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন। তারা সেখানে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







