চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে উঠেছিল একটি নকল আইফোন সংযোজন কারখানা। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ সংযোজন করে সেখানে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। প্রায় দেড় বছর ধরে চক্রটি এ কারখানা চালিয়ে আসছিল।
গত বুধবার রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশ (পার্টস) ও মোবাইল তৈরির বিভিন্ন মেশিন উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- ট্যান জিয়ান, উ জুন এবং ডং হংওয়েই।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
তিনি বলেন, গত ৭ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টিসহ একজন এবং নিকুঞ্জ-১ থেকে ৩০৫টি মোবাইল ফোনসহ দুজন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন মডেলের অবৈধ মোবাইল ফোন, আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ ও যন্ত্রাংশ সংযোজনের মেশিন, ২৬ হাজার টাকা এবং ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মহিউদ্দিন মাহমুদ সোহেল আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি রাজধানীর একটি গোপন ল্যাব স্থাপন করে। বিদেশ থেকে আইফোনের বিভিন্ন পার্টস আলাদা করে অবৈধভাবে দেশে এনে ওই ল্যাবে সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করে। পরে আসল আইফোন হিসেবে বাজারে সরবরাহ করত। প্রায় দেড় বছর ধরে চক্রটি এ অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। ধারণা করা হচ্ছে, এ সময়ে তারা বিপুল পরিমাণ ভুয়া মোবাইল ফোন বাজারে সরবরাহ করেছে।
এ চক্রে বাংলাদেশি কেউ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।














