বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থগিত হওয়া পরীক্ষার জন্য সম্ভাব্য নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে জেলা প্রশাসকদের সঙ্গে পরামর্শ ও মতামত নেওয়ার পর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোকের শেষ দিন ২ জানুয়ারি পড়ায় কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মহাপরিচালক জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য সম্ভাব্য নতুন তারিখ ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের নিয়োগে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। এর ফলে গড়ে একটি পদের জন্য লড়াই করবেন প্রায় ৭৫ জন প্রার্থী। প্রথম ধাপে প্রতি পদের জন্য গড়ে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৮০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরীক্ষা পেছালেও অধিদপ্তরের সকল নিরাপত্তা ও নির্দেশনা বহাল থাকবে। পরীক্ষা কেন্দ্রের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া হলো:
প্রবেশপত্র ও এনআইডি: ২৭ ডিসেম্বর থেকে ডাউনলোড করা রঙিন প্রবেশপত্র এবং মূল এনআইডি কার্ড (স্মার্ট কার্ড) সঙ্গে আনতে হবে।
কেন্দ্রে প্রবেশের সময়: সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক। ৯টা ৩০ মিনিটে সকল প্রবেশপথ বন্ধ হবে।
প্রার্থীকে সতর্ক করা হয়েছে যে, নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন করবেন না। পরীক্ষা চূড়ান্ত তারিখ ও সময় খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে সকলকে জানানো হবে।














