ময়মনসিংহ সাহিত্য সংসদ-এর নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প বীক্ষণ’র জানুয়ারি থেকে মার্চ প্রান্তিক-এর কমিটি গঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত কবিতার কর্মশালায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
৭ সদস্য বিশিষ্ট কমিটির সকলেই স্ব স্ব ক্ষেত্রে উদীয়মান উজ্জ্বল তারকা, তরুণ তুর্কী এবং বীক্ষণ’র দীর্ঘদিনের একনিষ্ঠ সঙ্গী।
এই কমিটির আহ্বায়ক হাসান রাকিব একজন কবি ও কথাসাহিত্যিক। ভালো কাজে তৎপর মানবিক মানুষ।
যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন স্বচ্ছ দে একজন সম্ভাবনাময় তরুণ কবি ও সংগঠক। যার প্রতি সকলের আশা আকাঙ্ক্ষা অসীম, সেই পথে সে এগুবে এবং ময়মনসিংহের শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে, এই প্রত্যাশা সবার।
এছাড়া যাঁরা সদস্য হিসাবে বীক্ষণসারথি হয়ে নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন–
মৌমিতা মৌ অধ্যাপনা করেন কলেজে, লেখক এবং একজন আশাবাদী মানুষ; তাঁর উৎসাহ, অনুপ্রেরণা, অংশগ্রহণ নিশ্চয়ই ভালো কিছু বয়ে আনবে।
টিপু চৌধুরী অসাধারণ আবৃত্তিকার, নাট্যশিল্পী, লেখক। তাঁর শিল্পভাবনায় উজ্জ্বল হয়ে উঠবে আগামীর তিনমাস, এই কামনা।
সোমা ঘোষ মণিকা কবি, লেখক, সাংবাদিক ও সংগ্রামী মানুষ। তাঁর মেধায়-প্রজ্ঞায় সুন্দর হোক এই কমিটির পথচলা।
জিসি দেবনাথ একজন সুন্দর মনের শুভ্র মানুষ, লেখক ও তরুণ কবি। তাঁর অংশগ্রহণে আগামীর বীক্ষণ হবে আরো আনন্দমুখর এমনটিই প্রত্যাশা।
সুষ্মিতা সরকার আত্মবিশ্বাসী মানুষ, কবিতা লেখার নিরন্তর চেষ্টা আছে যার। তাঁর জন্য অনেক অনেক শুভকামনা।
ময়মনসিংহ সাহিত্য সংসদ’র নির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে “বীক্ষণ”-এর চমৎকার একটি টিম হয়েছে! দারুণ কিছু হবে বলে অপেক্ষা সবার।
উল্লেখ্য, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি জুবায়েদ ইবনে সাঈদ কবিতার কর্মশালায় এই কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এছাড়া “শুভকামনা শিল্প-সাহিত্য-সংস্কৃতিজন… শুভকামনা ময়মনসিংহ সাহিত্য সংসদ ও বীক্ষণ।
আপনি আসুন, সংস্কৃতিমনা বন্ধুটিকেও সাথে নিয়ে আসুন, কথা বলুন, শুনুন, নিজেকে ঋদ্ধ করুন, করান।”
এই আহ্বান জানান নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা।














