নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।
সবশেষ গত সোমবার (১ ডিসেম্বর) জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাবেক লাক্স সুন্দরীকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সোহানিয়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তার নিয়োগের সুপারিশ করা হয়।
এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করেন সোহানিয়া।
ব্যক্তিজীবনে সোহানিয়া একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তি। বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। অল্প বয়স থেকেই তিনি পড়াশোনা, সংস্কৃতি এবং স্কাউটিংয়ে ছিলেন সমান তুখোড়। ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হওয়া, জাতীয় পর্যায়ে গান ও অভিনয়ে পুরস্কার, কাব স্কাউটে রানার্সআপ হওয়া সবক্ষেত্রেই তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।
উল্লেখ্য, ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন সোহানিয়া। সেই আসরে তিনি সেরা দশে জায়গা করে নেন এবং ক্লোজআপ ‘মিস বিউটিফুল স্মাইল’ পুরস্কার অর্জন করেন। পড়াশোনায় মনোযোগ দেওয়ায় শোবিজে পদচারণা কমিয়ে দেন।
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। ছোটবেলা থেকে মেধা ও প্রতিভায় সমৃদ্ধ এই তরুণ কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ায় নতুন আশায় বুক বেঁধেছেন কিশোরগঞ্জবাসী।








