ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর ও মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের এক টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অন্য আসামিদের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। গত ২৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।









