আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে আজ এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।
ঘরের মাঠে টানা পরাজয়ের দুঃস্বপ্ন থামিয়ে সিরিজে সমতায় ফেরার বিকল্প নেই স্বাগতিকদের সামনে।গত এক মাসে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হার,
বাংলাদেশকে টানা চতুর্থ টি–টোয়েন্টি পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে। বিশ্বকাপের ঠিক আগে এমন বাজে ধারায় বাড়ছে আত্মবিশ্বাসের সংকটও।
প্রথম ম্যাচে ব্যর্থতার সবচেয়ে বড় জায়গা ছিল বোলিং। পল স্টার্লিং, টিম টেক্টর ও হ্যারি টেক্টরের নিয়ন্ত্রিত আক্রমণাত্মক ব্যাটিং থামাতে হিমশিম খায় স্বাগতিক বোলাররা। মুস্তাফিজুর রহমানই একমাত্র কিছুটা মিতব্যয়ী ছিলেন; তার সতীর্থরা রান বিলিয়েছেন দেদারসে। জবাবে ইনিংস শুরুতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। একমাত্র তাওহিদ হৃদয়ের ব্যাটে কিছুটা লড়াই এলেও জয়ের পথ খুঁজে পায়নি বাংলাদেশ।ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস অবশ্য দলের ওপর বিশ্বাস রাখার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ভুলগুলো বুঝতে হবে আমাদেরই। তবে আমি দলের ওপর বিশ্বাস রাখি। সঠিক দিনে সঠিক ক্রিকেট খেলতে পারলে আমরা অবশ্যই জিততে পারব।
আজকের দ্বিতীয় ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ব্যাটিং অর্ডারে নতুন সমন্বয়ের পাশাপাশি বাঁহাতি–ডানহাতি কম্বিনেশন বদলাতেও প্রস্তুত টিম ম্যানেজমেন্ট। বোলারদের জন্যও রাখা হচ্ছে নতুন পরিকল্পনার ছক। অন্যদিকে, প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিং বলেন, “আমরা বিশ্বাস নিয়ে এখানে এসেছি। প্রথম ম্যাচ জিতে সেই বিশ্বাস আরো শক্ত হয়েছে। এখন সিরিজ জয়ের দারুণ সুযোগ আমাদের সামনে।” এশিয়ার মাটিতে সিরিজ জয়ের বিরল সুযোগ হাতছাড়া করতে চাইছে না অতিথিরাও। ফলে সিরিজ বাঁচাতে আজ বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।









