উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে ডিসেম্বরে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়। তিনি বলেছেন, চলতি নভেম্বর মাসের শেষ সময় থেকে ডিসেম্বরের শুরুর দিকে এই এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া ডিসেম্বর মাসে কয়েকটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরাঞ্চলের এই জেলাটিতে প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে করে জেঁকে বসছে শীত। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা।









