বাসায় ঢুকে রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে হত্যার প্রতিবাদে সারাদেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন।
রোববার (১৬ নভেম্বর) একযোগে কালো ব্যাজ ধারণ করেন তারা।
এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাতে আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে নিরাপত্তা নিশ্চিতসহ দুই দাবি পূরণের আশ্বাসে কলমবিরতি পালন কর্মসূচি প্রত্যাহার করে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
তবে রোববার সারা দেশে বিচারকদের কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন এবং সংগঠনের পক্ষে দোয়া মাহফিলের আয়োজনের ঘোষণা দেয়া হয়।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুই দফা দাবি নিয়ে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দুই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।








