নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১১১ কোটি মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ৯০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৮২ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৫ দশমিক ২০ শতাংশ।
এছাড়া গত ১০ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৫ দশমিক ৪০ শতাংশ।
এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।













